সর্বশেষ

সারাদেশ

তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ রাস উৎসব

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব। মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের আগে থেকেই শত শত নারী-পুরুষ পুণ্যার্থী সৈকতে সমবেত হন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সূর্যদেবকে প্রণাম, উলুধ্বনি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁরা সাগরে পুণ্যস্নান করেন।

পুণ্যলাভের আশায় এবং পরলোকে চলে যাওয়া স্বজনদের আত্মার শান্তি কামনায় মঙ্গলবার ভোরে বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে সমবেত হন সনাতন ধর্মাবলম্বীরা। ব্রহ্ম মুহূর্তে ও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুণ্যার্থীরা সূর্যদেবকে প্রণাম জানিয়ে উলুধ্বনি দিয়ে সাগরে স্নান করতে নামেন।

এ সময় সাগরপাড়ে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন তাঁরা। পাশাপাশি ধর্মীয় প্রার্থনা ও বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নেন। এসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয় এবারের রাস উৎসব।

উৎসব উপলক্ষে বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে শত শত পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটকের সমাগম ঘটে। তাঁদের উপস্থিতিতে দীর্ঘ সৈকত মুখর হয়ে ওঠে। রাস মেলা ঘিরে ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে রাস উৎসব এখন সর্বজনীন লোকজ উৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও এ উৎসবে অংশ নিয়ে আনন্দ উপভোগ করেন।

এর আগে গতকাল সোমবার রাতে তালতলী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে কীর্তন ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

রাস উৎসব কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবার শত শত নারী-পুরুষ ও ধর্মপ্রাণ মানুষ শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে পুণ্যস্নানে অংশ নিতে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবারের উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০