হাসিনার বিমানে দেশে ফেরার ইচ্ছা উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে করে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ইচ্ছাকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামির রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তাঁর মতে, রাষ্ট্রীয় উড়োজাহাজে করে দেশে ফেরার এমন দাবি বাস্তবতাবিবর্জিত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামি উড়োজাহাজ চাচ্ছেন—এটি নজিরবিহীন ও হাস্যকর ঘটনা। ১৬ ডিসেম্বর উড়োজাহাজে করে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছাকে তিনি উন্মাদনা ছাড়া আর কিছু মনে করেন না।
এ সময় ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ভারতে পলাতক নেতাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনি পরিচয় আরও স্পষ্ট হচ্ছে।
ব্রিফিংয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের যুক্তিতর্ক নিয়েও কথা বলেন তিনি। আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। তাঁর মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য তিনি নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্রের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার উড়োজাহাজে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা চেয়েছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা রয়েছে।
১২৯ বার পড়া হয়েছে