শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৫:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তব পরিস্থিতি এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ ছাড়া কাউকে দেশে ফিরতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে তাঁকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে আনতে হবে।
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনা কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও এ নিয়ে বিভিন্ন প্রচারণার বিষয়ে হুমায়ুন কবির বলেন, মনের জ্বালায় অর্থ ব্যয় করে অনেক কিছুই লেখানো যায়। তবে বাস্তবতা ও প্রত্যাশা এক বিষয় নয়। এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।
শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষাকে ইঙ্গিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানুষের আকাঙ্ক্ষা থাকতে পারে। কেউ ঘরে ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারেন যে হেঁটে কিংবা বিমানে বাংলাদেশে চলে আসছেন। কিন্তু স্বপ্ন ও বাস্তবতা এক নয়।
শেখ হাসিনাকে আইনের আওতায় আনার প্রক্রিয়া সম্পর্কে হুমায়ুন কবির বলেন, তিনি সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে তা কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমে করা হবে।
১৪২ বার পড়া হয়েছে