গোপালগঞ্জে নতুন করে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, স্বস্তির মাঝেও আতঙ্ক
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে আরও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গত রবিবারের নাশকতার ঘটনা শেষে সোমবার সকাল থেকে জনজীবন স্বাভাবিক হতে শুরু করলেও সাধারণ মানুষের মনে এখনও আতঙ্ক বিরাজ করছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে বাড়তি পুলিশি নজরদারি।
জেলায় নিরাপত্তা পরিস্থিতি জোরদারে সাজোঁয়া যানসহ বিজিবির টহল বাড়ানো হয়েছে। নতুন ৪ প্লাটুন যুক্ত করায় বর্তমানে গোপালগঞ্জে মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
সোমবার সকাল থেকেই শহরের দোকানপাট খুলতে শুরু করেছে এবং সড়কে স্বাভাবিক গণপরিবহন ও রিকশা-ভ্যান চলাচল করছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও বাইরে বের হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি সচল হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্কের ছাপ সুস্পষ্ট।
এর আগে জেলাজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ওই ঘটনার প্রেক্ষিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিক বদলি করা হয়।
যশোর এরিয়ার বিজিবির রিজিওয়ান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, সরকারি সম্পত্তি ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় বিজিবি সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জেলাজুড়ে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
১৪৮ বার পড়া হয়েছে