গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি করল সরকার
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে বদলি করেছে সরকার। আজ রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর জায়গায় নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হবিগঞ্জের বর্তমান ডিসি জি এম সরফরাজকে।
এদিকে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলির আদেশ জারি করে।
এদিকে আজ গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের অনেকের হাতে লাঠিসোঁটা, লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা যায়। তাঁদের কারও কারও মাথায় হেলমেটও ছিল। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
এমন পরিস্থিতির মধ্যেই জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।
১৫৬ বার পড়া হয়েছে