গোপালগঞ্জে এমপি বহরসহ ১৫ গাড়ির ভয়াবহ সংঘর্ষ, বিএনপি নেতা নিহত ও আহত শতাধিক
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ১৫টি যানবাহনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতা নিহত এবং শতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে স্থানীয় সংসদ সদস্যের বহরের দুটি গাড়িও রয়েছে।
মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে শুক্রবার সকালে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের মাধ্যমে এই দুর্ঘটনার সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পেছন থেকে আসা একাধিক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইক একের পর এক আছড়ে পড়ে। এতে অন্তত ১৫টি যানবাহন দুর্ঘটনাকবলিত হয়।
এ সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে থাকা দুটি গাড়িও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি ঢাকা থেকে নির্বাচনী এলাকায় যাওয়ার পথে এই দুর্ঘটনার মুখে পড়েন। তবে অলৌকিকভাবে সংসদ সদস্য অক্ষত ও সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকির গুরুত্বর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ছাড়া দুর্ঘটনায় আহত অন্তত ২৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়।
মর্মান্তিক এই দুর্ঘটনায় বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
১১৩ বার পড়া হয়েছে