নরসিংদীতে তিন অসহায় নারীকে জেলা প্রশাসকের নগদ অর্থ সহায়তা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ২:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীতে চরম আর্থিক সংকটে থাকা তিন অসহায় ও দুস্থ নারীর পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকার নগদ অর্থ সহায়তা প্রদান করেন। প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে পাওয়া এই তাৎক্ষণিক সহযোগিতা অসহায় পরিবারগুলোর মাঝে কিছুটা হলেও স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
দীর্ঘদিন ধরে চরম অর্থনৈতিক অসচ্ছলতা ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছিলেন এই তিন নারী। নিজেদের অসহায়ত্ব ও পারিবারিক সংকটের কথা জানিয়ে জেলা প্রশাসকের নিকট আর্থিক সাহায্যের জন্য লিখিত আবেদন জানান তারা।
তাঁদের আবেদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। এরই ধারাবাহিকতায় দ্রুততম সময়ে সংশ্লিষ্টদের মাধ্যমে তাঁদের আবেদন যাচাই করে নগদ অর্থ প্রদানের এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
অর্থ সহায়তা পাওয়ার পর উপকারভোগী নারীরা জেলা প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সুধীজনদের মতে, বিপদগ্রস্ত মানুষের আবেদনে সরাসরি সাড়া দেওয়ার এই মানসিকতা সাধারণ মানুষের সঙ্গে সরকারি প্রশাসনিক ব্যবস্থার আস্থার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
১২৭ বার পড়া হয়েছে