বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু, ভূগর্ভ থেকে ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৬:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করতে গিয়ে চেং শিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে কাজ করার সময় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর উদ্ধারকারী দল তাঁকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে ঘটনার রাতে দুইজন স্থানীয় শ্রমিককে সঙ্গে নিয়ে ভূগর্ভে গ্যাস পরিমাপের কাজ করছিলেন চেং শিয়াওজুন। একপর্যায়ে তিনি সহকর্মীদের অন্য স্থানে গ্যাস পরীক্ষার দায়িত্ব দিয়ে নিজে ১৩০৫ নম্বর ফেইসের সিল ওয়ালের দিকে যান।
দীর্ঘ সময় পার হলেও নির্ধারিত স্থানে ফিরে না আসায় সহকর্মীরা সন্দেহ প্রকাশ করেন এবং বিষয়টি খনির সারফেস কন্ট্রোল রুমে জানান। তথ্য পাওয়ার পরই বিশেষ উদ্ধারকারী দল ভূগর্ভে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধান শেষে মঙ্গলবার সকালে সিল ওয়ালের পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
মরদেহ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। ঘটনার মূল কারণ জানতে খনি কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত শুরু করেছে। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনসহ চীনে অবস্থিত নিহতের পরিবারকে অবহিত করার প্রক্রিয়া চলছে বলে জানান খনির জেনারেল ম্যানেজার (অপারেশন) জাফর সাদিক।
১৯৭ বার পড়া হয়েছে