গজারিয়ায় ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৩:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ প্রসারে “নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার” শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাল্যবিয়ে রোধ এবং নারীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে মূল বক্তা হিসেবে আলোচনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. শরীফা সুলতানা। তিনি কিশোরী ও তরুণীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার বিভিন্ন কারিগরি ও প্রাতিষ্ঠানিক দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া এবং সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গজারিয়ার বিভিন্ন কলেজের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।
সম্মেলনে উপস্থিত বক্তারা নারীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।
১৪৩ বার পড়া হয়েছে