মোংলায় ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ্তার: চক্রান্তের অভিযোগ স্বজনদের
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৫:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা ও বনরক্ষীদের ওপর হামলার মামলায় মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ খাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে স্বজনদের দাবি, ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এই চক্রান্তমূলক মামলায় ফাঁসানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মোংলা উপজেলার জয়মনির বাজারের একটি চায়ের দোকান থেকে মোশাররফ খাঁনকে আটক করে পুলিশ। পরে তাকে খুলনার দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দাকোপ থানার সহযোগিতার আবেদনের প্রেক্ষিতেই এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে মোংলা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মোশাররফ খাঁন জয়মনি গ্রামের মৃত সাহেব আলী খাঁনের ছেলে এবং পেশায় একজন পোনা ব্যবসায়ী। স্থানীয়ভাবে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং আসন্ন ইউপি নির্বাচনে ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন।
তাঁর ছোট ভাই লিটন খাঁনের অভিযোগ, গত ২ নভেম্বর সুন্দরবনের দাকোপ এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় বনরক্ষীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাঁর ভাইকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে। ভিডিও ফুটেজে তাঁর উপস্থিতি না থাকা সত্ত্বেও পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের কড়া নির্দেশের পর বন বিভাগ দাকোপ থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় ইতিপূর্বে আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করবে বলে আশা করছেন স্থানীয়রা।
২২৫ বার পড়া হয়েছে