হালুয়াঘাটকে সমৃদ্ধ সীমান্ত বাণিজ্য কেন্দ্র গড়ার আহ্বান সৈয়দ এমরান সালেহ প্রিন্সের
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৪:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাটকে একটি সমৃদ্ধ সীমান্ত বাণিজ্যকেন্দ্রে পরিণত করতে সব বাধা দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সভায় তিনি ব্যবসায়ী হয়রানি বন্ধ, প্রশাসনিক জটিলতা নিরসন ও অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেন। তিনি জানান, সীমান্ত বাণিজ্য গতিশীল হলে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং স্থানীয় তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হবে।
হোটেল ইমেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত থেকে সীমান্ত বাণিজ্যের নানা সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
বক্তব্যে ভারত থেকে কয়লা আমদানির ক্ষেত্রে দীর্ঘদিনের প্রতিবন্ধকতা তুলে ধরা হয়। আমদানিতে অনিশ্চয়তা, পরিবহন ব্যয় বৃদ্ধি ও এলসি জটিলতার কারণে শ্রমিক, পরিবহন ব্যবসায়ী ও সীমান্ত অর্থনীতির ওপর নির্ভরশীল পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে ভারত থেকে শুধু কয়লা নয়, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য ভারতে রপ্তানির সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। সম্প্রতি ভারতীয় রপ্তানিকারক প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানানো হয়।
ব্যবসায়ী সংগঠনের সর্বজনীন রূপ বজায় রাখার তাগিদ দিয়ে বলা হয়, আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপ কোনো রাজনৈতিক সংগঠন নয়। এখানে রাজনৈতিক দলীয় পরিচয় নির্বিশেষে সকল ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও সমান মর্যাদা নিশ্চিত করতে হবে।
সাধারণ সভায় সহসভাপতি মো. জয়নাল আবেদীন, চন্দন কুমার ঘোষ, মহাসচিব অধ্যাপক অশোক কুমার সরকারসহ কার্যকরী পরিষদ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বর্তমান আয়-ব্যয় হিসাব ও ব্যবসায়িক সমস্যার সমাধানকল্পে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
১৪১ বার পড়া হয়েছে