সর্বশেষ

সারাদেশ

কীটনাশকের বদলে ফেরোমন ফাঁদে পোকা দমন, লাভবান কৃষক

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব উপায়ে ফসলের ক্ষতিকর পোকা দমনে সাফল্য পাচ্ছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কৃষকেরা। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় আমন ধানসহ বিভিন্ন ফসলের জমিতে ব্যবহার করা হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ। এতে কমছে উৎপাদন খরচ, নিরাপদ থাকছে খাদ্য ও কৃষকের স্বাস্থ্য। পাশাপাশি ক্ষতিকর পোকা দমনের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও ভূমিকা রাখছে এই পদ্ধতি।

ফসলের ক্ষতিকর পোকামাকড় দমনে প্রতিবছর বিপুল পরিমাণ রাসায়নিক কীটনাশক আমদানি করতে হয়। এতে একদিকে ব্যয় হচ্ছে বৈদেশিক মুদ্রা, অন্যদিকে পরিবেশের ওপর পড়ছে বিরূপ প্রভাব। জমিতে সরাসরি কীটনাশক প্রয়োগের কারণে কৃষকের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং খাদ্যপণ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে। বৃষ্টির পানির সঙ্গে এসব রাসায়নিক মিশে যাচ্ছে নদ-নদী, খাল-বিল, পুকুরসহ বিভিন্ন জলাশয়ে। এতে হুমকির মুখে পড়ছে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য।

এমন পরিস্থিতিতে পরিবেশ সুরক্ষা, কৃষকের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে বিকল্প পদ্ধতি হিসেবে জনপ্রিয় হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কৃষকেরা চলতি আমন মৌসুমে কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শে এই পদ্ধতি ব্যবহার করছেন। এতে রাসায়নিক কীটনাশকের ব্যবহার ছাড়াই ধানের ক্ষতিকর মাজরা পোকাসহ বিভিন্ন পোকামাকড় দমন করা সম্ভব হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, এই পদ্ধতিতে ফসলের ক্ষতিকর পোকা প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত দমন করা যায়।

ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নে গেলে চোখে পড়ে দিগন্তজোড়া সবুজ ও সোনালি ধানখেত। এসব খেতের মধ্যে বাঁশের খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে প্লাস্টিকের বৈয়াম। বৈয়ামের ভেতরে বিশেষ উপাদান ব্যবহার করে ধানের ক্ষতিকর পোকা দমন করা হচ্ছে। এই পদ্ধতিই পরিচিত সেক্স ফেরোমন ফাঁদ নামে।

স্থানীয় কৃষক সাখাওয়াত হোসেন জানান, তাঁদের জমিতে স্থাপন করা ফেরোমন ফাঁদে ক্ষতিকর মাজরা পোকা আটকা পড়ে মারা যাচ্ছে। ফলে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হচ্ছে না। এতে উৎপাদন খরচও কমেছে। তাঁর ভাষ্য, পরিবেশবান্ধব ও স্বল্প ব্যয়ের এই পদ্ধতি ব্যবহার করে তিনি এবং এলাকার অন্য কৃষকেরা উপকৃত হচ্ছেন।

পাশের এলাকার কৃষক হানিফ মিয়া জানান, আমন ধান রোপণের কয়েক দিন পর বড়হিতের কৃষকদের জমিতে বাঁশের খুঁটির সঙ্গে প্লাস্টিকের বৈয়াম ঝুলতে দেখেন তিনি। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তাঁরা জানান, এর মাধ্যমে ক্ষতিকর পোকা দমন করা যায়। কৃষি অফিস থেকেও এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছিল।

তবে শুরুতে পদ্ধতিটি নিয়ে তাঁর সংশয় ছিল। রাসায়নিক কীটনাশক প্রয়োগ করেও যেখানে অনেক সময় পোকা দমন করা কঠিন, সেখানে ছোট একটি বৈয়াম কীভাবে কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন ছিল তাঁর মনে। এ কারণে তিনি নিজ জমিতে কীটনাশক ব্যবহার করেন। পরে ফেরোমন ফাঁদ ব্যবহারকারী কৃষকদের ভালো ফল পেতে দেখে নিজের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করেন। আগামী বোরো মৌসুমে তিনি নিজেও এই পদ্ধতি ব্যবহারের পরিকল্পনা করছেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা আলী আকছার খান জানান, সেক্স ফেরোমন পদ্ধতি পরিবেশবান্ধব এবং স্বল্প খরচে স্থাপন করা যায়। প্রতি কাঠা জমিতে চারটি ফাঁদ স্থাপন করতে হয়। একটি সেক্স ফেরোমন ফাঁদ তৈরিতে খরচ হয় প্রায় ৪০ টাকা। ধান রোপণের ১৫ থেকে ২০ দিনের মধ্যে জমিতে এই ফাঁদ স্থাপন করতে হয়। ধান রোপণ থেকে শুরু করে কাটা পর্যন্ত একটি ফাঁদ জমিকে সুরক্ষা দিতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান জানান, সেক্স ফেরোমন ফাঁদে প্লাস্টিকের বৈয়ামের ভেতরে ওয়াইএসবি-লিউর নামে একটি বিশেষ উপাদান ব্যবহার করা হয়। এই উপাদান থেকে স্ত্রী পোকার গন্ধ ছড়িয়ে পড়ে। এতে আকৃষ্ট হয়ে পুরুষ পোকা বৈয়ামের ভেতরে প্রবেশ করে এবং সাবানপানিতে পড়ে মারা যায়। ফলে পোকাগুলো বংশবিস্তার করতে পারে না। এতে ধানখেত ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে।

তিনি আরও জানান, ধানের ক্ষতিকর মাজরা পোকা দমনে সেক্স ফেরোমন অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। এই ফাঁদ স্থাপনের ফলে পুরুষ মাজরা পোকা মারা যায় এবং তাদের বংশবিস্তার প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। এতে ফসলের ক্ষতি কমে এবং কৃষকেরা উপকৃত হন।

কৃষকদের মধ্যে সেক্স ফেরোমন ফাঁদের ব্যবহার বাড়াতে পার্টনার প্রোগ্রাম ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আগামী বোরো মৌসুমে এই ফাঁদ স্থাপনের লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান উপজেলা কৃষি কর্মকর্তা।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০