৩ দিন পর সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যকার বিরোধের অবসান ঘটে দীর্ঘ তিন দিন পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সোমবার সকালে উভয় পক্ষের সমঝোতা বৈঠকের পর ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। এতে আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও কর্মচারীদের অভিযোগ ছিল, কাস্টমস কর্মকর্তারা অযৌক্তিকভাবে কার্ড আটকে রাখছিলেন এবং ফাইল জমা নেওয়ার পর নানা বাহানায় হয়রানি করছিলেন। বিশেষ করে কাস্টমস সুপার মিজানুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও পণ্য খালাসে বাধার অভিযোগ তোলে ব্যবসায়ী পক্ষ।
কর্মবিরতির কারণে টানা তিন দিন ধরে বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য স্তব্ধ হয়ে পড়ে। ফলে ভারত এবং বাংলাদেশ সীমান্তে প্রায় সাড়ে ৪০০ পণ্যবাহী যান আটকে যায়। যার সিংহভাগ জুড়ে ছিল পাথরবোঝাই ট্রাক, পাশাপাশি নারিকেল, ভুসি ও শুঁটকির চালানও আটকা পড়ে।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাস্টমস কমিশনারের প্রতিনিধির উপস্থিতিতে যৌথ বৈঠকের আয়োজন করা হয়। সোনামসজিদ কাস্টমস শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মাসুদ রানা জানান, ব্যবসায়ীদের সাথে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হয়েছে।
আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইতি জানান, দুপক্ষের ফলপ্রসূ আলোচনায় বন্দর কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ফলে ট্রাক চলাচলের সবুজ সংকেত মেলায় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে ক্ষোভ কেটে স্বস্তি ফিরে এসেছে।
১২১ বার পড়া হয়েছে