হাকিমপুরে প্রকাশ্য দিবালোকে সরকারি গাছ নিধন, নীরব সওজ ও প্রশাসন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুরে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন অসংখ্য মূল্যবান গাছ প্রকাশ্য দিবালোকে কেটে উজাড় করা হচ্ছে। স্থানীয় প্রশাসন, বন বিভাগ এবং সওজের এমন রহস্যজনক নীরবতায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও পরিবেশবিদরা।
উপজেলার পৌর এলাকাধীন সিনেমা হল সংলগ্ন সড়ক থেকে আম, মেহগনি, বট ও রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির বড় বড় সরকারি গাছ নির্বিচারে কেটে নেওয়া হচ্ছে। দিনের পর দিন এই নিধনযজ্ঞ চললেও জড়িতদের বিরুদ্ধে কোনো আইনি বা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা বন কর্মকর্তা মো. শাহজাহান আলী দায়সারা বক্তব্যে জানান, গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না। অন্যদিকে দিনাজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামানও বিষয়টি নিয়ে কোনো সদুত্তর বা আপডেট দিতে পারেননি।
ঘটনার সত্যতা যাচাইয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জর্জ মিত্র চাকমার সরকারি মোবাইলে একাধিকবার কল ও এসএমএস পাঠানো হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। প্রশাসনের এমন উদাসীনতায় প্রভাবশালী সিন্ডিকেটের হাত রয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বিনা অনুমতিতে সরকারি গাছ কাটা দণ্ডবিধির ১৮৬০-এর ৪২৭ ধারা, বাংলাদেশ বন আইন ১৯২৭ এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। সচেতন মহল অবিলম্বে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
১১৪ বার পড়া হয়েছে