কটিয়াদীতে জামায়াত নেতার ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৩:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।
আহত শাহরিয়ার জামানকে স্থানীয় লোকজন উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তাঁর বাবা মেজর (অব.) আখতারুজ্জামান।
ঘটনার পর বুধবার রাতেই নিজের ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচারে এসে ছেলের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন আখতারুজ্জামান।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় শাহরিয়ার জামান গচিহাটা বাজারে গিয়েছিলেন। এ সময় স্থানীয় বিএনপির চিহ্নিত নেতা-কর্মীরা অতর্কিতভাবে তাঁর ছেলেকে ছুরিকাঘাত করেন।
আখতারুজ্জামান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৩২ বার পড়া হয়েছে