মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন জেটির
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি মোংলায় অবতরণ করেন। সফরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় পৌঁছান।
সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান। এ সময় খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলালও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এ ছাড়া তাঁর সঙ্গে রয়েছেন বিশেষ নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম, প্রটোকল অফিসার কামরুল ইসলাম এবং এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেন।
মোংলা বন্দরে ভিত্তিপ্রস্তর স্থাপন
সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
একই অনুষ্ঠানে তাঁর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
খুলনায়ও কর্মসূচি
মোংলার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
১৩৭ বার পড়া হয়েছে