চাঁপাইনবাবগঞ্জে গহনা চুরির অপবাদে নির্যাতন, বিষপানে গৃহবধূর আত্মহত্যা
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৭:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় গহনা চুরির অপবাদ ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে ইসমোতারা খাতুন (২৬) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। টানা দুই দিন অনাহারে থাকার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরের অনুপনগর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ইসমোতারা খাতুন বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। পরবর্তীতে নিহতের দাদা-দাদির গ্রাম লষ্করহাটিতে দাফন সম্পন্ন করা হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন কলহের জেরে ইসমোতারাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তাঁর স্বামী। সম্প্রতি একটি পারিবারিক দাওয়াতে খালা শাশুড়ির গহনা চুরির অপবাদ দিয়ে তাঁকে দুই দিন ধরে অনাহারে রাখা হয়। বিষপানের পূর্বে স্থানীয় নারীদের কাছে নিজের ওপর হওয়া নির্মম নির্যাতনের বিবরণ দিয়েছিলেন দুই সন্তানের এই জননী।
পরিবারের সদস্যরা জানান, প্রেমঘটিত সম্পর্কের সূত্র ধরে ইসমোতারা স্বেচ্ছায় বিয়ে করেছিলেন। ছোটবেলায় মানসিক ভারসাম্যহীন বাবা পরিবার ত্যাগ করার পর এবং মা অন্যত্র পাড়ি জমালে দাদা-দাদির কাছেই বেড়ে ওঠেন তিনি। অমানবিক নির্যাতন ও চুরির মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরেই তিনি মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে দাবি স্বজনদের।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে নিহতের স্বামী মিজানুর রহমান দাবি করেন, হাসপাতালে চিকিৎসার সময় তিনি গহনা চুরির অপবাদের বিষয়টি জানতে পারেন। ঘটনাটি আগে জানা থাকলে তিনি পারিবারিকভাবে তা মীমাংসা করার উদ্যোগ নিতেন বলে উল্লেখ করেন।
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, ময়নাতদন্তের জন্য পরিবারকে নির্দেশনা দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
১১২ বার পড়া হয়েছে