ফতুল্লায় জামায়াত নেতাকে মারধর, থানায় অভিযোগ
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৪:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মো. দেলোয়ার হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। পাগলা নয়াামাটি ভাবির বাজার এলাকায় তাঁর ডিমের দোকানে ঢুকে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে জামায়াত নেতা মো. দেলোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পাগলা নয়াামাটি ভাবির বাজার এলাকায় তাঁর নিজস্ব ডিমের দোকানে এ ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফতুল্লা থানাধীন পাগলা নাক কাটা বাড়ি এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় নিহত ব্যক্তির পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ বা কাফফারা দেওয়ার সিদ্ধান্ত হয়।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা কৌশলে ওই টাকা আত্মসাতের চেষ্টা করেন। এ সময় জামায়াত নেতা দেলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাঁদের সেই চেষ্টা প্রতিহত করেন। এর জের ধরে দেলোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে কয়েকজন ব্যক্তি দেলোয়ার হোসেনের দোকানে ঢুকে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। হামলাকারীদের লাঠির আঘাতে তাঁর মাথা ও কপালে রক্তাক্ত জখম হয় এবং বাম চোখে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছে।
দেলোয়ার হোসেনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, চিকিৎসা নেওয়ার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১১৩ বার পড়া হয়েছে