এআই নয়, ‘সুপার ইন্টেলিজেন্স’ বলতে চান ট্রাম্প
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মার্কিন সরকারি নথি ও যোগাযোগে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দের পরিবর্তে ‘সুপার ইন্টেলিজেন্স’ ব্যবহারের উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, প্রচলিত নামটি প্রযুক্তিটির সক্ষমতা যথাযথভাবে তুলে ধরে না। এ কারণে প্রাসঙ্গিক সরকারি নথিতে শব্দটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার কথাও জানিয়েছেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ নামে অভিহিত করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সরকারি নথিপত্রে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শব্দটি ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে উদ্দেশ করে লেখেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নামটির পরিবর্তে কখন ‘এসআই’ বা ‘সুপার ইন্টেলিজেন্স’ ব্যবহার শুরু করা হবে? তাঁর দাবি, নামটি অত্যন্ত খারাপ ও ভুল এবং প্রায় সবাই ইতিমধ্যে নতুন নামটি ব্যবহার করছে অথবা শিগগিরই করবে।
নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প আরও বলেন, ভুল ব্যাখ্যার কারণে খুব দ্রুতই প্রাসঙ্গিক সব নথি ও অন্যান্য ক্ষেত্রে ‘এআই’ বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শব্দের ব্যবহার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হবে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ‘ইনঅগুরেটিং দ্য এরা অব সুপার ইন্টেলিজেন্স’ শিরোনামে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। ওই আদেশে আইনগতভাবে সম্ভব হলে সরকারি যোগাযোগ, ওয়েবভিত্তিক তথ্য, প্রশাসনিক নথি ও প্রতিবেদনে এআইয়ের পরিবর্তে এসআই ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। তবে পুরোনো আইন, চুক্তি ও ঐতিহাসিক আর্কাইভে এ পরিবর্তন আনা হবে না।
নিউজ এজেন্সি এএনআইয়ের বরাতে নির্বাহী আদেশের যুক্তিতে বলা হয়েছে, প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি মানুষের মেধাকে অনুকরণ করা কিংবা কাজ স্বয়ংক্রিয় করার সীমা ছাড়িয়ে গেছে। এসব প্রযুক্তি মানুষের সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি বিজ্ঞানের নতুন ক্ষেত্র উন্মোচন করছে। এর ফলে মানব প্রচেষ্টার প্রায় প্রতিটি ক্ষেত্রে আগে অসম্ভব বলে বিবেচিত কাজ করার সুযোগ তৈরি হচ্ছে।
নির্বাহী আদেশ অনুযায়ী, প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহকারীকে ৬০ দিনের মধ্যে কংগ্রেসে ‘সুপার ইন্টেলিজেন্স’-এর একটি নতুন আইনগত সংজ্ঞা প্রস্তাব করার সময়সীমা দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, সুন্দর পিচাই ও জেনসেন হুয়াংয়ের মতো প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠকের পর এ নীতিগত উদ্যোগ নেওয়া হয়।
১০৮ বার পড়া হয়েছে