শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুরে ঢাকা-শেরপুর মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে মহাসড়কের জোড়া পাম্প হাওড়া খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও চারজন আহত হন।
নিহত জুয়েল (৪২) শেরপুরের নকলা উপজেলার বারোমাইশা গ্রামের হাবুল মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থেকে নকলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা হাওড়া খানবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে একটি ড্রামট্রাক দাঁড়িয়ে ছিল। সংঘর্ষে সিএনজির যাত্রী জুয়েল ঘটনাস্থলেই মারা যান। আহত হন অটোরিকশার আরও চার যাত্রী।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত চারজনের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ থানায় আনার পর ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
১১৩ বার পড়া হয়েছে