জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা যুবদলের উদ্যোগে শহরজুড়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের বকুলতলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে জেলা যুবদলের সদস্য ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী খায়রুল ইসলাম লিয়নের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ এবং রেডক্রিসেন্ট জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানী বক্তব্য রাখেন। এছাড়া জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম সজল ও সাবেক ছাত্রদল নেতা রানা ম্যানশনসহ দলীয় অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবদলের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানান তারা।
১০৮ বার পড়া হয়েছে