মা ইলিশ রক্ষায় কালিয়ায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়ায় মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও নদীর মৎস্যসম্পদ সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা ১২টি জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নড়াইলের কালিয়ায় মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নবগঙ্গা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় নদীর বিভিন্ন স্থান থেকে আনুমানিক ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার নবগঙ্গা নদীর কাঞ্চনপুর খেয়াঘাট থেকে মাধবপাশা পর্যন্ত এলাকায় এ অভিযান চালানো হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন কালিয়া থানা-পুলিশের সদস্যরা।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ, মাছের অবাধ বিচরণ নিশ্চিত এবং প্রজননের পরিবেশ সুরক্ষিত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নবগঙ্গা নদীর বিভিন্ন স্থান থেকে ১২টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলোর মোট দৈর্ঘ্য আনুমানিক ১৫ হাজার মিটার।
অভিযান শেষে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসের উপস্থিতিতে জব্দ করা জালগুলো বারইপাড়া ফেরিঘাটে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, নদীর জীববৈচিত্র্য রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম সফল করতে জেলেসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
১২৩ বার পড়া হয়েছে