জয়পুরহাটে মহাসমারোহে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝাঁকঝাঁক নেতাকর্মীদের অংশগ্রহণে নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি ও যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনকে শক্তিশালী করার বার্তা দেন।
মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি সূচনা করেন যুবদল নেতৃবৃন্দ। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও মাল্যদান করা হয়।
পতাকা উত্তোলন ও পুস্পস্তবক অর্পণ শেষে জেলা কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দ যুবদলের অতীত ইতিহাস ও দলের গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজের ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার তাগিদ দেন বক্তারা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ জুয়েল, তৌফিক এলাহী ও আবদুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। দিনব্যাপী এই কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১১১ বার পড়া হয়েছে