সর্বশেষ

সারাদেশ

সীতাকুণ্ডে লরিচাপায় শিশুসহ নিহত ৫

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৫:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের চাপা দিয়েছে একটি লরি। এতে আট বছর বয়সী এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় লরিচাপায় পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন শিশু ও চারজন নারী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে কিশোরগঞ্জগামী শাপলা পরিবহনের একটি বাস কুমিরা রয়েল গেট এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটির চাকা পাংচার হওয়ায় মেরামতের কাজ চলছিল বলে ধারণা করা হচ্ছে। এ সময় কয়েকজন যাত্রী সড়কের পাশে বসে ও দাঁড়িয়ে ছিলেন। তখন একটি লরি এসে তাঁদের চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. নজরুল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে লরিটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন শিশুকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তিরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

নিহত শিশুটির নাম রাকিব। তার বয়স আট বছর। সে নেত্রকোণার মদন থানার সীবাশ্রম এলাকার আজহারুলের ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে রাকিবের বাবা ৪২ বছর বয়সী আজহারুল ও মা ৪০ বছর বয়সী ফাতেমা রয়েছেন।

এ ছাড়া আহত ব্যক্তিদের মধ্যে নেত্রকোণার মদন থানার বড়কান্দা এলাকার ৫০ বছর বয়সী আবুল হোসেন এবং আরও একজন রয়েছেন, যাঁর পরিচয় জানা যায়নি। নিহত নারীর পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের ফায়ার ফাইটার মো. আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে দুজন হাসপাতালে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০