ফেনী স্টেশনে যাত্রাবিরতি শুরু মহানগর এক্সপ্রেসের, প্রথম যাত্রায় প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত রুটে চলাচল শুরু করেছে মহানগর এক্সপ্রেস। নতুন এই রুটে ট্রেনটির ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি চালু হয়েছে। সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফেনী স্টেশনে পৌঁছায় ট্রেনটি। প্রথম দিনের যাত্রায় ঢাকা থেকে ফেনী যান রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত রুটে চলাচল শুরু করা মহানগর এক্সপ্রেসের প্রথম দিনের যাত্রায় ফেনী স্টেশনে উপস্থিত হন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ট্রেনটি ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছালে তিনি সেখান থেকে নামেন।
এ সময় প্রতিমন্ত্রী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ফেনী স্টেশন থেকে যাত্রা শুরুর আগে যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় হাবিবুর রশিদ হাবিব বলেন, রেলওয়েতে যেকোনো ধরনের দুর্নীতি কিংবা টিকিটসংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে অনলাইনে টিকিট বিক্রি করা হয়। এরপরও কোথাও কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রেলওয়ের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান, রেলওয়ের উন্নয়ন ও সেবার মান দিন দিন বাড়ুক। এ লক্ষ্য সামনে রেখে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কাজ করছেন। সারা দেশের উন্নয়নের পাশাপাশি ফেনীর উন্নয়নেও সরকার সচেষ্ট রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, মহানগর এক্সপ্রেস চালুর পরিকল্পনার সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু ট্রেনটির ফেনী স্টেশনে যাত্রাবিরতি এবং ফেনীর যাত্রীদের জন্য সর্বোচ্চসংখ্যক আসন বরাদ্দের দাবি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী সেই দাবি পূরণ করেছেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের প্রার্থীকে ভোট দিয়ে জনগণ যে প্রত্যাশা জানিয়েছেন, রফিকুল আলম মজনু ফেনীবাসীর সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। রেলওয়ের উন্নয়নসংক্রান্ত যেকোনো বিষয়ে ফেনীবাসীর দাবিকে গুরুত্ব দেওয়া হবে।
রেলওয়ের অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অতীতে লোকোমোটিভ ও গ্যারেজের স্বল্পতা ছিল। সরকার দায়িত্ব নেওয়ার পর মিটারগেজ ও লোকোমোটিভের সংকট কাটিয়ে ওঠার উদ্যোগ নিয়েছে। রেলওয়ের এসব সুবিধা আরও বাড়াতে সরকার ও মন্ত্রণালয় কাজ করছে।
ফেনীবাসীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মহানগর এক্সপ্রেসের যাত্রা কেবল শুরু হয়েছে। যাত্রীরা বেশি করে টিকিট কেটে ট্রেনে চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণ করলে এ অঞ্চলে রেলের আসনসংখ্যা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ক্ষেত্রে সরকার তাঁদের পাশে থাকবে।
ঢাকা থেকে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেসের ফেনী স্টেশনে যাত্রাবিরতি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের রেলপথে যাতায়াতের সুযোগ বাড়ল। সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, নতুন এই সুবিধার ফলে ফেনীসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে।
১২২ বার পড়া হয়েছে