উপজেলা দিবসে সিরাজগঞ্জে জাতীয় পার্টির সভা, দেশবাসীর সহায়তা কামনা
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৯:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
উপজেলা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভার আয়োজন করেছে জেলা জাতীয় পার্টি। এতে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে সাধারণ মানুষের কাছে সার্বিক সহযোগিতা চেয়েছেন দলটির স্থানীয় নেতারা।
সোমবার শহরের কুটুমবাড়ি কর্টেজ অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ফজলুল হক ডনু। সভা পরিচালনা করেন সদস্য সচিব মো. আব্দুল জলিল। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও থানা পর্যায়ের দলীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন।
বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়ন কর্মকাণ্ড স্মরণ করেন। তাঁরা বলেন, প্রশাসনিক সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে উপজেলা ব্যবস্থা চালু করা ছিল এরশাদের এক যুগান্তকারী পদক্ষেপ।
নেতারা আরও জানান, বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে মানুষের অধিকার রক্ষায় গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখা হবে। এ জন্য দেশবাসীর সুদৃঢ় সমর্থন ও সহযোগিতা কামনা করেন তাঁরা।
১৪৫ বার পড়া হয়েছে