কলাপাড়ায় মাছের ঘের থেকে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের লাশ উদ্ধার
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৯:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফকির নামের এক গৃহস্থের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ দল নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর এলাকা থেকে তাঁর লাশটি উদ্ধার করে। সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, বৈবাহিক সূত্রে শ্বশুরবাড়ি এলাকায় বসবাসকারী ৫৫ বছর বয়সী নুর ইসলাম গত রবিবার সন্ধ্যায় নিজের সবজি খেতের মাছের ঘেরে পানি সেচ দিতে যান। সেচকাজ চলাকালে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান তিনি।
কাজের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁর স্ত্রী নুরবানু খেতে গিয়ে পানি সেচের মোটর চালু দেখতে পান। পরে স্বজনেরা পানিতে নেমে তল্লাশি চালিয়ে লাশের সন্ধান পান এবং পুলিশে খবর দেন।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও কলাপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি পানির নিচ থেকে উদ্ধার করে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হওয়ায় এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তরের প্রক্রিয়া শেষ করা হয়েছে।
১১১ বার পড়া হয়েছে