সর্বশেষ

সারাদেশ

পাটগ্রাম সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

অয়ন জ্যোতি, লালমনিরহাট
অয়ন জ্যোতি, লালমনিরহাট

রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের জোরালো প্রতিরোধে ভারতীয় বাহিনীর সেই অপচেষ্টা ভণ্ডুল হয়ে গেছে। বর্তমানে ওই সীমান্তে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে নজরদারি বাড়িয়েছে বিজিবি।

সীমান্ত সূত্রে জানা গেছে, রবিবার ভোর চারটার দিকে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারের ভারতীয় কোশালডাংগা এলাকা দিয়ে দুই শিশু, দুই নারী এবং আটজন পুরুষকে একযোগে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ।

বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে অবস্থান নেন বুড়িমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা। এ সময় স্থানীয় সীমান্তবাসী বিজিবির সঙ্গে যোগ দিয়ে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। বিজিবি ও গ্রামবাসীদের প্রবল বাধার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষীরা।

বিজিবি জানিয়েছে, পুশইনের শিকার হওয়া ওই ১২ জন নাগরিক বর্তমানে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ১০০ গজ গভীরে কোশালডাংগায় অবস্থান করছেন। অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে বিএসএফের এই অনাকাঙ্ক্ষিত পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত বৈঠকে বসার জন্য ভারতীয় পক্ষকে আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০