পূজা নিয়ে রাজনীতি বন্ধে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ টুকুর
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন চক্রান্ত বা রাজনীতি করতে না পারে, সেজন্য নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, সরকার ও প্রশাসন পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সিরাজগঞ্জে নিজস্ব বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার আল মাহমুদ এভিনিউয়ে নিজ বাসভবনে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা, উপজেলা, থানা ও পৌরসভার দলীয় নেতাদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় মন্ত্রী বলেন, দেশে শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করতে কিছু অদৃশ্য এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন গোষ্ঠী উসকানিমূলক কর্মকাণ্ড চালাতে পারে। বর্তমান সরকারকে দেশ-বিদেশে হেয় প্রতিপন্ন করতে তারা পূজাকে হাতিয়ার করার চেষ্টা করবে। ফলে সব রাজনৈতিক চক্রান্ত রুখে দিতে নেতা-কর্মীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও উল্লেখ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেই বাংলাদেশি জাতীয়তাবাদ। তাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের সমান অধিকার রয়েছে। প্রতিটি সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা সরকারের পাশাপাশি দলের প্রতিটি দায়িত্বশীল কর্মীর নৈতিক দায়িত্ব।
১৬৩ বার পড়া হয়েছে