আদালতের আদেশে মাকে কাছে টানলেন সেই গ্রাম পুলিশ, চাইলেন ক্ষমা
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার সাঁথিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর অবশেষে বৃদ্ধা মায়ের সার্বিক দায়িত্ব গ্রহণ করেছেন গ্রাম পুলিশ সদস্য সাগর হোসেন। আদালতের মধ্যস্থতায় নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চেয়ে তাঁকে নিজ ঘরে ফিরিয়ে নেন তিনি।
পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য সাগর হোসেন তাঁর বৃদ্ধা মা মুন্নি খাতুনকে নিজের কাছে রাখতে অস্বীকৃতি জানালে গত ৮ অক্টোবর সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি পারিবারিক শুনানি অনুষ্ঠিত হয়। সেই শুনানিতে ইউএনও তাকে মায়ের প্রতি কর্তব্য বোঝানোর পর সাগর আর্থিক সাহায্য দিতে রাজি হলেও মাকে সাথে রাখতে সরাসরি মানা করেন।
ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং চিকিৎসকদের সংগঠন ‘ড্যাব’-এর পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান সাময়িকভাবে বৃদ্ধার দেখভালের ভার নেন। বিষয়টি পরবর্তীতে আদালতের দৃষ্টিগোচর হলে স্বতঃপ্রণোদিত হয়ে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাঁথিয়া আমলি আদালত বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেন।
আদালতের নির্দেশে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান মা ও ছেলেকে আদালতে হাজির করেন। বিচারকের সামনে নিজ ভুলের জন্য চরম অনুতাপ প্রকাশ করেন সাগর। তিনি জানান, আবেগের বশে ভুল বক্তব্য দিয়েছিলেন এবং এখন থেকে নিয়মিত মায়ের দেখাশোনা করবেন।
ছেলের মন পরিবর্তনে আবেগাপ্লুত বৃদ্ধা মুন্নি খাতুন জানান, সন্তানকে ফিরে পেয়ে তাঁর সব পাওয়া পূর্ণ হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তাঁদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে নিয়মিত তাঁদের খোঁজখবর রাখা হচ্ছে।
১৬৫ বার পড়া হয়েছে