চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মাদকের অবাধ বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রোববার সকালে গণস্বাক্ষর সংবলিত এই স্মারকলিপি প্রদান করে এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
স্মারকলিপিতে জানানো হয়, উদয়ন মোড়, হাজীপট্টি, প্রান্তিকপাড়া ও রেলবাগানসহ সংলগ্ন এলাকায় মাদকের অপতৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ার পাশাপাশি চরম সামাজিক অস্থিতিশীলতা তৈরি হচ্ছে।
এলাকাবাসী লিখিত আবেদনে প্রকৃত মাদক কারবারিদের তথ্য-প্রমাণের ভিত্তিতে দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানান। একই সঙ্গে মাদকপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, নজরদারি জোরদার এবং মাদকাসক্তদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে স্থানীয় প্রতিনিধি মো. বাহারাম ও রুহুল আমিন সালাম বলেন, কোনো নির্দোষ মানুষকে হয়রানি নয়, বরং চিহ্নিত মাদক চক্রকে সমূলে উৎপাটন করাই তাঁদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
১১৯ বার পড়া হয়েছে