সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, আরডিএ'র স্থগিতাদেশ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৬:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে আবাসিক ভবন নির্মাণে নকশা লঙ্ঘন ও সীমানা দখলের অভিযোগে ড্রিম ঢাকা প্রোপার্টি লিমিটেডের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করেছে আরডিএ। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রাজপাড়া থানায় নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগসহ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে কর্তৃপক্ষ ভবনটির নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

রাজশাহী নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকার বাসিন্দা মো. ফিরোজের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, টিভি রোড এলাকায় তাঁদের পারিবারিক জমির সংলগ্ন স্থানে ‘আব্দুর রহমান ড্রিম প্যালেস’ নামক একটি বহুতল ভবন নির্মাণ করছে ড্রিম ঢাকা প্রোপার্টি লিমিটেড। তবে বহুতল ভবনটি নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও প্রচলিত ইমারত নির্মাণবিধি পুরোপুরি অমান্য করে সিঁড়ির অংশ বর্ধিত করা হয়েছে। একই সঙ্গে পাশের জমির প্রায় দুই ফুট সীমানা দখলের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তোলা হয়।

ভুক্তভোগী ফিরোজ জানান, নিয়ম মেনে ভবন নির্মাণের জন্য বারংবার অনুরোধ করা সত্ত্বেও আবাসন প্রতিষ্ঠানটি তা কর্ণপাত করেনি। উল্টো নির্মাণকাজে আপত্তি জানালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. শামীম, মতিন, বদিউজ্জামান ও সাব্বিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ফিরোজ ও তাঁর পরিবারকে বিভিন্নভাবে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার পর পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

গত ৮ অক্টোবর এ বিষয়ে আরডিএতে সরেজমিনে তদন্তের দাবি জানিয়ে আবেদন করা হলে ইমারত পরিদর্শক মো. রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে আরডিএর অথরাইজড কর্মকর্তা রায়হানুল ইসলাম রনির স্বাক্ষরে উক্ত নির্মাণকাজে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সঙ্গে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শুনানি অনুষ্ঠানের জন্য উভয় পক্ষকে আনুষ্ঠানিক নোটিশ প্রদান করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে ড্রিম ঢাকা প্রোপার্টি লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক সানি দাবি করেন, তাঁরা আরডিএর নির্ধারিত সব নিয়মকানুন মেনেই ভবনটির নির্মাণকাজ পরিচালনা করছেন এবং সেখানে কোনো প্রকার অনিয়ম করা হয়নি।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০