১৪৫ বছরের পুরোনো নাগেরহাট স্কুলে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, নতুন ভবনের দাবি
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৬:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপায় ১৪৫ বছরের পুরোনো নাগেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাঠদান। ছাদে ফাটল, পলেস্তারা ধস এবং তীব্র কক্ষসংকটের কারণে চরম আতঙ্ক আর দুর্ভোগের মধ্যে চলছে শিক্ষা কার্যক্রম। দ্রুত নতুন একাডেমিক ভবন নির্মাণ ও বিদ্যালয়টি জাতীয়করণের জোর দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
১৮৮১ সালে প্রতিষ্ঠিত শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিতে বর্তমানে কোনো নিরাপদ শ্রেণিকক্ষ নেই। বৃষ্টির সময় টিনের চালা ও ছাদ চুইয়ে পানি পড়ে বই-খাতা ভিজে যায়। তীব্র গরমে শ্রেণিকক্ষে টেকা দায় হয়ে পড়ে এবং স্থানসংকটের কারণে স্টোররুমেও বাধ্য হয়ে ক্লাস নিতে হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী সেজুতি ও ফেরদৌসী খাতুন জানায়, ছাদ থেকে বালি-খোয়া খসে পড়ার আশঙ্কায় আতঙ্কের মধ্যে তাদের পড়াশোনা করতে হয়। এছাড়া ভাঙা ব্ল্যাকবোর্ডের কারণেও ক্লাস নিতে সমস্যা পোহাতে হচ্ছে। বিদ্যালয়ের জরাজীর্ণ মাঠটিতে পানি জমে থাকায় নিয়মিত সমাবেশ ও খেলাধুলা বন্ধ রয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুকুল হোসেন জানান, ১৯৮০ সালের বিজ্ঞান ভবন এবং ১৯৯৭ সালের ফ্যাসিলিটিজ ভবন দুটি বর্তমানে পুরোপুরি ব্যবহারের অনুপযোগী। একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত স্থায়ী অবকাঠামোগত কোনো সমাধান মেলেনি।
শিক্ষক প্রদীপ মন্ডল ও সুমন রানা জানান, দীর্ঘদিনের এই মৌলিক সংকট নিরসনে নতুন বহুতল ভবন নির্মাণের পাশাপাশি বিদ্যালয়টি জাতীয়করণ করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি তাদের নজরে এসেছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ ইতোমধ্যে খোঁজখবর নিয়েছেন।
১২৩ বার পড়া হয়েছে