সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে শিশু অপহরণের ৩ দিন পর সাতক্ষীরা সীমান্ত থেকে উদ্ধার, গ্রেফতার ১

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে শিশু অপহরণের চাঞ্চল্যকর ঘটনার তিন দিন পর অপহৃত ১২ বছরের সাজিম শিকদার ইয়াছিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে তাকে উদ্ধার করার পাশাপাশি মুন্না শিকদার নামের এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। ভারতে পাচারের উদ্দেশ্যে এই শিশুকে অপহরণ করা হয়েছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের আকাশ শিকদারের ছেলে সাজিমকে গত ৬ অক্টোবর রাতে কৌশলে খাবার কিনে দেওয়ার কথা বলে অপহরণ করা হয়। দূর সম্পর্কের আত্মীয় মুন্না শিকদার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

অপহরণের পর মুন্না বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে শিশুটির পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে সাজিমকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির পিতা আকাশ শিকদার বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর গোপালগঞ্জ সদর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এরপর বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা জেলার ভোমরা স্থল বন্দর এলাকায় অভিযান চালিয়ে সাজিমকে উদ্ধার এবং অপহরণকারী মুন্নাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজিমকে প্রথমে ট্রেনযোগে ঢাকায় এবং পরবর্তীতে ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্তে নিয়ে যাওয়া হয়েছিল। এই চক্রের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০