মা ইলিশ রক্ষায় নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৩:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে আজ ৮ অক্টোবর থেকে সাগর ও নদ-নদীতে শুরু হয়েছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ বন্ধ থাকবে।
ডিমওয়ালা ইলিশ রক্ষায় প্রতিবছরের মতো এবারও এই নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞার আওতায় সাগর ও সুন্দরবনের নদ-নদীতে ইলিশসহ অন্যান্য মাছ আহরণ থেকে বিরত থাকতে হবে জেলেদের।
নিষেধাজ্ঞা কার্যকর রাখতে সাগর ও নদ-নদীতে বিশেষ নজরদারি চালানো হবে। মৎস্য বিভাগ, বন বিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশের সমন্বয়ে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার, পরিবহন, মজুত বা বাজারজাত করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে সাগর ও নদ-নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা গতকাল বুধবার (৭ অক্টোবর) বিকেলের মধ্যে তীরে ফিরে এসেছেন।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
তিনি বলেন, মোংলা উপজেলায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে ইলিশ জেলের সংখ্যা প্রায় দেড় হাজার। তবে সরকারি চাল সহায়তার আওতায় থাকবেন শুধু নিবন্ধিত প্রায় ১ হাজার ১৫০টি জেলে পরিবার।
১১৯ বার পড়া হয়েছে