মুন্সীগঞ্জে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে ব্র্যাকের কর্মশালা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ২:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থ-সামাজিক পুনঃএকত্রীকরণ ও পুনর্বাসনের লক্ষ্যে একটি বিশেষ সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় অভিবাসীদের আইনি ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং দালাল চক্রের খপ্পর থেকে বাঁচতে সরকারি ও বেসরকারি সেবার মেলবন্ধন ঘটানোই এই আয়োজনের মূল লক্ষ্য।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাকের ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রজেক্টের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
কর্মশালায় সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বিদেশফেরত বেশ কয়েকজন অভিবাসী কর্মী উপস্থিত থেকে তাঁদের অভিজ্ঞতা ও প্রয়োজনের কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তাঁর বক্তব্যে ফেরত আসা অভিবাসীদের সহায়তায় ব্র্যাকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি। এতে করে তাঁরা পুনরায় বৈধ উপায়ে নিরাপদ অভিবাসনের সুযোগ পাবেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।
অবৈধভাবে বিদেশ যাওয়ার ভয়াবহ ঝুঁকি উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, সঠিক নথিপত্র ছাড়া বিদেশে গিয়ে বিপদে পড়লে সরকারি সুযোগ-সুবিধা পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই দালালদের খপ্পরে না পড়ে অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে ও বৈধ কাগজপত্র সংরক্ষণ করে বিদেশ যাওয়ার পরামর্শ দেন তিনি।
কর্মশালায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের জন্য বিদ্যমান সরকারি ও বেসরকারি সুবিধাসমূহ এবং তা প্রাপ্তির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে অভিবাসীদের সরাসরি যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয় যেন তারা সহজেই প্রয়োজনীয় সাহায্য পেতে পারেন।
১০৯ বার পড়া হয়েছে