চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু কিট দিলেন এমপি বুলবুল
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাসেবা আরও বেগবান করতে নিজস্ব অর্থায়নে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বুধবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে এসব কিট হস্তান্তর করা হয়, যা আগামী কয়েক মাসের ডেঙ্গু পরীক্ষার চাহিদা মেটাবে বলে আশা করা হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল ডেঙ্গু প্রতিরোধে এই উদ্যোগ নেন। কিট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রত্যেকের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
হাসপাতালের নানা সংকটের কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, জেলা সদর হাসপাতালে চিকিৎসক ঘাটতিসহ বেশ কিছু সমস্যা রয়েছে। জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা চলছে। স্বাস্থ্য খাতের উন্নয়নে যেকোনো প্রয়োজনে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমান বলেন, সম্প্রতি সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শনে এসে সংকট সমাধানের যে আশ্বাস দিয়েছিলেন, এই কিট প্রদানের মাধ্যমে তারই প্রতিফলন ঘটল। নতুন প্রাপ্ত ৩ হাজার কিট দিয়ে আগামী তিন থেকে চার মাস ডেঙ্গু পরীক্ষা নির্বিঘ্নে চালানো সম্ভব হবে।
কিট প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান এবং জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকরসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।
১১৯ বার পড়া হয়েছে