সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদ্‌যাপিত

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ এবং বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় শিশুদের সুরক্ষায় ও মেধা বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের প্রতিটি জেলা-উপজেলার মতো মুন্সীগঞ্জেও এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ ভার্চুয়াল সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত পাঁচ দশক ধরে বাংলাদেশ শিশু একাডেমি দেশের প্রান্তিক এলাকার শিশুদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে অতুলনীয় অবদান রেখে চলেছে। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার মতো আয়োজনগুলোর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের লুকানো প্রতিভাগুলো জাতীয় মঞ্চে উঠে আসার সুযোগ পাচ্ছে।

সভায় মুন্সীগঞ্জ জেলাকে শিশুদের জন্য নিরাপদ ও শিশুবান্ধব গড়ে তোলার তাগিদ দেওয়া হয়। বিশেষ করে বাল্যবিবাহ, শিশুশ্রম, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধ করে প্রতিটি শিশুর পড়াশোনা এবং খেলাধুলার সমান অধিকার নিশ্চিতে পরিবার ও সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আধুনিক যুগের ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি সাইবার বুলিং ও অনলাইন আসক্তির ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা শিশুদের নিরাপদ ও সৃজনশীল উপায়ে ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান এবং যেকোনো প্রয়োজনে জরুরি সরকারি হেল্পলাইন ১০৯৮ ব্যবহারের পরামর্শ দেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০