সাতক্ষীরায় জাকারিয়া হত্যা: ভারতে পালানোর সময় নাহিদসহ গ্রেপ্তার ২
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় চাঞ্চল্যকর কলেজছাত্র জাকারিয়া খাঁন হত্যা মামলার প্রধান আসামি ও কিশোর গ্যাং লিডার নাহিদ হাসানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্ত এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই গ্রেপ্তার এড়াতে তাঁরা আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়া মানিকতলা এলাকার মৃত গিয়াস উদ্দীনের ছেলে নাহিদ হাসান (২৬) এবং একই এলাকার অমিত হাসান শিপন (৩০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর চারটার দিকে কালিগঞ্জ উপজেলার শুইলপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ঘটনার পর থেকেই দেশের সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাতে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে একটি চায়ের দোকানে চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে স্থানীয় এক যুবকের ওপর চড়াও হয় নাহিদের নেতৃত্বাধীন কিশোর গ্যাংয়ের সদস্যরা। সে সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় কলেজছাত্র জাকারিয়া খাঁন মারামারি থামাতে এগিয়ে গেলে নাহিদ হাসান নিজের কাছে থাকা ধারালো চাকু দিয়ে জাকারিয়ার বুকে আঘাত করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এর আগে এই মামলার দুই নম্বর আসামি মোহিত হাসান বনিকে গ্রেপ্তার করেছিল। নাহিদসহ নতুন করে দুজনকে গ্রেপ্তারের পর এই মামলায় মোট গ্রেপ্তার তিনজনে দাঁড়াল।
গ্রেপ্তার হওয়া প্রধান আসামি নাহিদ হাসানের বিরুদ্ধে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে ইতিপূর্বেও এক মাদ্রাসাশিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা ও স্থানীয় এক ব্যবসায়ীকে জখম করাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
১১৭ বার পড়া হয়েছে