নওগাঁ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙ্গা সীমান্ত দিয়ে চারজন নাগরিককে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক অনুপ্রবেশ) ভারতীয় চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই তৎপরতা রুখে দেওয়ার পর বর্তমানে ওই চার ব্যক্তি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। এই ঘটনায় সীমান্ত এলাকায় বাড়তি সতর্কাবস্থা জারি করেছে বিজিবি।
মঙ্গলবার ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা সীমান্ত ফাঁড়ি (বিওপি) এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তিন পুরুষ ও এক নারীসহ চারজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালান।
অনুপ্রবেশের এই তৎপরতা টের পেয়ে তাৎক্ষণিকভাবে সোনাডাঙ্গা বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায় এবং অত্যন্ত সাহসিকতার সাথে পুশইনের ওই চেষ্টা রুখে দেয়। বিজিবির অনড় অবস্থানের কারণে বিএসএফের সেই পরিকল্পনা ব্যর্থ হয়। বর্তমানে ওই চার ব্যক্তি ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন।
উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে সার্বক্ষণিক টহল জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী, যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশের ঘটনা না ঘটে।
এ বিষয়ে নওগাঁ ১৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব বলেন, শূন্যরেখায় আটকে থাকা ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত এবং অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
১২৪ বার পড়া হয়েছে