ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কোর্ট চত্বর প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মাদ আলী, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।
সভায় শিক্ষকতা পেশার মর্যাদা ও সামাজিক স্বীকৃতি বাড়ানো, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা, বেতন-ভাতা ও কর্মপরিবেশের উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া শিক্ষার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাব্যবস্থায় শিক্ষকদের সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় শিক্ষকদের পাশে রাষ্ট্র ও সমাজের ভূমিকা, শিক্ষকদের সম্মাননা ও প্রণোদনা এবং বর্তমান সময়ে শিক্ষকতা পেশার বিভিন্ন চ্যালেঞ্জও তুলে ধরা হয়।
১৩১ বার পড়া হয়েছে