গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষকতার মর্যাদা রক্ষা ও পেশাগত সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা।
বক্তারা শিক্ষকতার পেশাগত মর্যাদা বৃদ্ধি, শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 'শিক্ষকদের পাশে; পেশা সুরক্ষার মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটি পালিত হয়।
১৩৬ বার পড়া হয়েছে