ময়মনসিংহ জেলা পরিষদে গতিশীলতা ও সৌরবিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গত ছয় মাসে ব্যাপক গতিশীলতা এসেছে। পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে স্থবির প্রকল্প সচল করাসহ নিজস্ব স্থাপনায় সৌরবিদ্যুৎ উৎপাদনের এক যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পরিষদের কার্যালয়ে অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি কর্মকর্তাদের স্পষ্টভাবে জানিয়ে দেন যে, পরিষদের সকল কার্যক্রম শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে জনগণের দোরগোড়ায় দৃশ্যমান করতে হবে।
সভায় জানানো হয়, অতীতে বিভিন্ন জটিলতায় আটকে থাকা তিন শতাধিক নতুন ও পুরাতন প্রকল্পের কাজ মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি, পরিষদের বেহাত হওয়া বিপুল পরিমাণ সম্পত্তি চিহ্নিত করে তা উদ্ধারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা পরিষদের নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটাতে সোলার প্যানেল স্থাপনের একটি সুদূরপ্রসারী পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধান কার্যালয় ও ডাকবাংলোসহ বিভিন্ন স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের এই উদ্যোগের মাধ্যমে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে। গ্রামীণ অঞ্চলেও সোলার প্যানেল স্থাপনের পাইলট প্রকল্প শুরু করার কথা জানানো হয়।
দেশ পুনর্গঠনের চলমান প্রক্রিয়ার সঙ্গে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর কাজের সমন্বয় জোরদার করার আহ্বান জানান প্রশাসক। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাশসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
১২৩ বার পড়া হয়েছে