পাবনায় নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনায় “তথ্য অধিকার, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ” প্রত্যয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় প্রধান আলোচক ও আমন্ত্রিত অতিথিরা তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। এছাড়া জেলা তথ্য অফিসার সামিউল আলম ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এসএম আলমসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এতে অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে জনগণের তথ্য জানার অধিকারকে সবার আগে প্রাধান্য দিতে হবে। সাধারণ মানুষকে এই আইন সম্পর্কে আরও সচেতন করার পাশাপাশি সরকারি দপ্তরগুলো থেকে তথ্য পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজতর করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে পাবনা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১২১ বার পড়া হয়েছে