কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার খোকসায় দ্রুতগতির ড্রাম ট্রাকের ধাক্কায় মুন্না (১৯) নামের এক করিমন চালক নিহত হয়েছেন। আজ রোববার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত মুন্না চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তিনি শ্যালো ইঞ্জিন চালিত করিমন চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মুন্না নিজের করিমনটি নিয়ে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বিলজানি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক করিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই করিমনের চালক মুন্নার মৃত্যু হয় এবং চালক ড্রাম ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে খোকসা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেছে। ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ড্রাম ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১০৯ বার পড়া হয়েছে