বগুড়ায় অটোরিকশাচালককে হত্যার পর লাশ ডোবায় নিক্ষেপ
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়ার কাহালুতে এক অজ্ঞাতপরিচয় ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে গেছে দুর্বৃত্তরা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, যাত্রীবেশী এক দম্পতি চালককে চেতনানাশক খাইয়ে হত্যার পর অটোরিকশাটি ফেলে রেখে পালিয়েছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার বেলঘরিয়া বড়ইতলা এলাকার একটি ডোবা থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে কাহালু থানা পুলিশ। ঘটনাস্থলের পাশ থেকেই নিহতের ব্যবহৃত অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহত ওই ব্যক্তির নাম বা পরিচয় জানা সম্ভব হয়নি।
কাহালু থানা পুলিশ জানায়, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার কিছু সময় আগে ওই এলাকায় এক শিশুসহ এক নারী ও এক পুরুষকে ওই অটোরিকশায় অবস্থান করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে রিকশায় উঠে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা ডোবায় লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশেপাশের এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
১১১ বার পড়া হয়েছে