ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: খুমেক হাসপাতালে সেবা ব্যাহত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে চরম সংকটে পড়েছে চিকিৎসাসেবা। মেডিসিন বিভাগের নতুন বিভাগীয় প্রধানের নিয়োগকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলনের ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চললেও ইন্টার্ন চিকিৎসকরা তাদের দাবিতে অনড় রয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে মেডিসিন বিভাগের নতুন প্রধানের দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত শনিবার দুপুর ১টা থেকে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি শুরু করেন।
হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের অভিযোগ, নবনিযুক্ত বিভাগীয় প্রধান অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. জহিরুল হক বিগত সরকারের সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। রাজনৈতিকভাবে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে এমন গুরুত্বপূর্ণ পদে দেখতে চান না তারা।
এদিকে হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতির কারণে হাসপাতালের সাধারণ ওয়ার্ডগুলোতে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়ের মাঝে ইন্টার্ন চিকিৎসকদের অনুপস্থিতি রোগীদের ভোগান্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ওষুধপত্র পাওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর ক্ষেত্রে চরম হয়রানির শিকার হতে হচ্ছে রোগীদের।
জানা গেছে, গত বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলামের সই করা এক অফিস আদেশে ডা. জহিরুল হককে এই দায়িত্ব দেওয়া হয়। বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ বি এম সাইফুল আলমের অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা আগামী ৩০ সেপ্টেম্বর। তাঁর স্থলাভিষিক্ত হবেন ডা. জহিরুল হক।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মিরাজ হোসাইন জানিয়েছেন, সাধারণ রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে জরুরি বিভাগ খোলা রাখা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত মূল বিভাগে তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে।
১০৭ বার পড়া হয়েছে