সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ ৪ জনের ৩ জনের মরদেহ উদ্ধার
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল আটটার দিকে বৈদ্যার বাজারের আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় তাঁদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে রওনা হন ১৩ জন। তাঁদের সঙ্গে গরু ও ছাগলও ছিল। বৈদ্যার বাজারে আসার পথে মেঘনা নদীর মাঝামাঝি এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। পরে ট্রলারটি পানিতে ডুবে যায়।
এ সময় আটজন সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন। পরে রাশিদাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর একই পরিবারের হেলাল উদ্দিন, তাঁর ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিন নিখোঁজ ছিলেন।
শনিবার সকাল আটটার দিকে বৈদ্যার বাজারের আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে ভাসমান অবস্থায় সজিব, সামিয়া ও সামিনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজনের মরদেহ উদ্ধারে অভিযান চলছে।
১০৬ বার পড়া হয়েছে