মেঘনায় ট্রলারডুবি, একই পরিবারের ৪ জন নিখোঁজ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে কুমিল্লা থেকে আসা একটি ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই পরিবারের আরও চারজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ তল্লাশি চালাচ্ছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে কুমিল্লা থেকে আসা একটি ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বৈদ্যার বাজারের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন হেলাল, তাঁর ছেলে সজিব, মেয়ে সামিয়া ও ছোট মেয়ে সামিন। আহত অবস্থায় রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন যাত্রী ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যার বাজারের দিকে আসছিলেন। পথে মেঘনা নদীর মাঝখানে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায় এবং পানিতে ডুবে যায়।
এ সময় ট্রলারে থাকা আটজন সাঁতরে নদীর তীরে উঠে আসেন। পরে রাশিদাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। নৌ-পুলিশের সহযোগিতায় নদীতে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চলছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে।
১৩১ বার পড়া হয়েছে