উদ্ধার হওয়া ২৬ কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি প্রাচীন মুদ্রা জাতীয় জাদুঘরে
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে উদ্ধার করা মূল্যবান প্রত্নসম্পদ অবশেষে সংরক্ষণাগারে পাঠানো হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) উদ্ধার হওয়া ২৬টি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি ও ১ হাজার ৮১৮টি প্রাচীন মুদ্রা বাংলাদেশ জাতীয় জাদুঘরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। দেশের ঐতিহাসিক ঐতিহ্য সুরক্ষায় বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার রাজশাহী ব্যাটালিয়ন সদর দপ্তরে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় জাদুঘরের প্রতিনিধিদের কাছে এসব প্রত্নসম্পদ তুলে দেওয়া হয়। জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল এসব নিদর্শন গ্রহণ করেন।
প্রত্নতাত্ত্বিক সম্পদ হস্তান্তর অনুষ্ঠানে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। অন্যদিকে জাতীয় জাদুঘরের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক মো. সাদেকুল ইসলাম ও কীপার মোহাম্মদ মনিরুল হক।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, দেশের সীমানা সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও মানবপাচার রোধে তারা সর্বদা তৎপর। একই সঙ্গে দেশের ঐতিহ্যবাহী প্রত্নসম্পদ পাচারকারীদের হাত থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকৃত সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগার ও জাদুঘরে হস্তান্তরের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আরও উল্লেখ করেছে, প্রত্নসম্পদ একটি জাতির ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়ের অনন্য দলিল। এই অমূল্য সম্পদ রক্ষা এবং অবৈধ পাচার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা বাহিনী তাদের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রাখবে।
১২৮ বার পড়া হয়েছে